দেশে ডেঙ্গুতে গত এক সপ্তাহে ২৪ জনের প্রাণহানির পর ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে অন্তত ১০ শতাংশ শয্যা ডেঙ্গু রোগীদের জন্য বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে এবং প্রাণ হারিয়েছেন ১২১ জন। বছরজুড়ে প্রকোপ ছড়ানো এই রোগে শুধু আগস্টেই মৃত্যু হয়েছে ৪৩ জনের। এছাড়া চলতি সেপ্টেম্বরের প্রথম চার দিনেই প্রতিদিন হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চরম উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ১ হাজার ৩১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস ডেঙ্গু ওয়ার্ডে মশারি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে ডেঙ্গু পরীক্ষায় ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলছেন, ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র আগে থেকেই ধ্বংস করার পাশাপাশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু মোকাবিলায় তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
ডিবিসি/পিআরএএনৃ