বাংলাদেশ, জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।’


পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তাদের ছোট ছোট উদ্যোগ একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।


প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং তারা কোন শ্রেণিতে পড়ে, কীভাবে পড়াশোনা করছে ও ভবিষ্যতে কী হতে চায়-এসব বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন।


পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা প্রয়োজন। একই সঙ্গে প্রাণী ও জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ারও আহ্বান জানান তিনি।


ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী সংসদ অধিবেশন দেখতে জাতীয় সংসদ ভবনে আসে। তাদের সঙ্গে ছিলেন পাঁচজন শিক্ষক ও পরিচালনা কমিটির দুজন সদস্য। সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার একপর্যায়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়।


প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন