বাংলাদেশ, অপরাধ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

 

আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩ অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে এই অর্থ পরিশোধ করতে হবে। রায়ের পর ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবেন।

 

আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

 

পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭—এই পাঁচটি করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করে এনবিআর। ওই কর দাবিকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালে পৃথক দুটি রিট করে গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন। দীর্ঘ শুনানি শেষে নতুন এই বেঞ্চ রিটগুলো খারিজ করে রুল খারিজের রায় দেন। ফলে এনবিআরের জন্য গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই আয়কর আদায় করার পথ উন্মুক্ত হলো।

 

এর আগে, গত জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা সংক্রান্ত পূর্বের একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন হাইকোর্ট। 

 

বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেই রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতির কাছে মামলার নথি পাঠিয়েছিলেন। পরবর্তীতে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন