রাজধানী ঢাকায় মাত্র দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই বৃষ্টিতে গরমের তীব্রতা কমে নগরজীবনে স্বস্তি ফিরলেও রাজধানীর শাহবাগ, নিউমার্কেট, যাত্রাবাড়ীসহ বিভিন্ন জায়গায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বৃষ্টির ফলে রাস্তায় পানি জমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসফেরত সাধারণ মানুষকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের এই প্রবণতা আগামীকাল সোমবারও অব্যাহত থাকতে পারে।
রোববার সন্ধ্যায় আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, আগামী দুই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। চলতি মাসের বাকি দিনগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা কম উল্লেখ করে তিনি জানান, রোববার দেশের মাত্র দুটি জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে।
এর আগে, আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী ঝড়ের এক সতর্কবার্তায় জানানো হয়, রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে এই ঝড়ের সময় বজ্রপাত এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে।
ডিবিসি/আরএসএল