রাজধানীতে কর্মরত নোয়াখালী অঞ্চলের সাংবাদিকদের সংগঠন ‘নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ)’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রাজধানীর একটি রেস্টুরেন্টে অত্যন্ত বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার খোকন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ও অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নোয়াখালীর মানুষের জন্য একটি পৃথক প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার দাবি অত্যন্ত যৌক্তিক। এখানে বিভাগ এবং একটি স্বতন্ত্র বিমানবন্দর স্থাপিত হলে চট্টগ্রামের ওপর চাপ অনেকাংশে কমে আসবে।”
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের উচ্চপর্যায়ে নোয়াখালী অঞ্চলের অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও কেন এখনো বিভাগ বাস্তবায়ন হচ্ছে না, তা একটি বড় প্রশ্ন। তিনি নোয়াখালীকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং বিভাগ, বিমানবন্দর ও সমুদ্রবন্দর প্রতিষ্ঠিত হলে স্থানীয় অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এনজেএফ ঢাকার সাধারণ সম্পাদক এস এম ফয়েজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সালেহ অলকসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সাংবাদিকবৃন্দ। ইফতার মাহফিলে নোয়াখালী জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশেষ করে নোয়াখালী অঞ্চলের শান্তি ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা ঢাকায় কর্মরত নোয়াখালীর সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
ডিবিসি/এসএফএল