বাংলাদেশের দর্শকদের জন্য দারুণ খবর, ঢাকায় বসেই দেখা যাবে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল ক্লাবের খেলা। আগামী ৫ই ডিসেম্বর শুরু হতে যাওয়া ‘লাতিন-বাংলা ফুটবল সুপার কাপ’ উপলক্ষ্যে ব্রাজিলের তৃতীয় বিভাগ এবং আর্জেন্টিনার পঞ্চম বিভাগের দুটি ক্লাব ঢাকায় আসছে।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের একটি দলও অংশ নেবে। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হিসেবে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু এবং আর্জেন্টিনার ক্লদিও ক্যানেজিয়ার ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। তবে এই টুর্নামেন্টের টিকিটের দাম বেশ চড়া ধরা হয়েছে; ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য দর্শকদের সর্বনিম্ন ২ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত গুনতে হবে।
প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে ঢাকা এখন লাতিন ফুটবলের আমেজে মেতেছে। আগামী সপ্তাহেই লাতিন ক্লাবগুলো ঢাকায় পৌঁছাবে। ২রা ডিসেম্বর আর্জেন্টিনার স্থানীয় ক্লাব ‘ক্লাব আতলেতিকো চার্লোন’-এর অনূর্ধ্ব-২০ দল এবং পরদিন ব্রাজিলের তৃতীয় স্তরের ক্লাব ‘সাও বার্নার্দো’র ফুটবলাররা ঢাকায় আসবে। ৫, ৮ ও ১১ই ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এ, যেখানে ১২টি ক্যাটাগরিতে টিকিট মিলবে। আর্জেন্টিনা বা ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলোর টিকিট মূল্য ১০০০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত। আর ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০০ টাকা এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা।
টুর্নামেন্টকে সামনে রেখে ২৯ সদস্যের একটি শক্তিশালী বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে, যেখানে কিউবা মিচেল, জায়ান আহমেদ, বীতশোক চাকমা, ইকরামুল ইসলাম, মাসুদ রানা, আশিক, বাইজিত বোস্তামী ও মোরশেদ আলীর মতো তরুণ খেলোয়াড়রা রয়েছেন।
কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গোলাম রাব্বানী ছোটন। এই আয়োজন দেশের তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/এএমটি