আবহাওয়া

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে কমছে না গরম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানী ঢাকায় আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির আভাস থাকলেও ভ্যাপসা গরম থেকে এখনই স্বস্তি মিলছে না। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।

 

নদীবন্দরের পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে বলা হয়নি।

 

তবে দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন