ঢাকার ধামরাইয়ের একটি অটো রাইস মিল থেকে বিপুল পরিমাণ চাল ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৪৬২ বস্তা চালসহ ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানান, গত ২৬ জানুয়ারি ধামরাই পৌর এলাকার ‘বিসমিল্লাহ্ অটো রাইস মিল’-এর নিরাপত্তা কর্মীদের জিম্মী করে ৬৩৩ বস্তা চাল ডাকাতি করে নিয়ে যায় একদল ডাকাত।
ঘটনার পর জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে বিশেষ অভিযানে নামে পুলিশ। অভিযানের প্রাথমিক পর্যায়ে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি শনাক্ত ও জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়।
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শাহাজল, ফারুক, ফরহাদ ও আলমগীর নামে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশালের পটুয়াখালীর গলাচিপা এলাকা থেকে ৪৬২ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার এবং বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।
ডিবিসি/টিবিএ