ঢাকার ধামরাই উপজেলায় সুদের টাকার অমানবিক চাপ সহ্য করতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুমন রাজবংশী নামের এক যুবক।
শনিবার (৩১ জানুয়ারি) ধামরাইয়ের বাইশাকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সুমন রাজবংশী অপু ওই এলাকার স্থানীয় বাসিন্দা আনন্দ রাজবংশীর ছেলে।
সকালে বাইশাকান্দা এলাকায় নিজ বাড়ির আঙিনায় একটি বরই গাছে অপুর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অপু স্থানীয় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন। এই টাকার জন্য জাহাঙ্গীর আলম তাকে নিয়মিত চাপ দিতেন। পরিবারের অভিযোগ, পাওনা টাকার জন্য জাহাঙ্গীর কেবল চাপই দিতেন না, বরং অপুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনও চালাতেন। এমনকি অপুর জমি পর্যন্ত দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাতেও সুদের টাকার জন্য জাহাঙ্গীর মুঠোফোনে অপুকে প্রচণ্ড চাপ প্রয়োগ করেন। সেই মানসিক চাপ ও অপমান সহ্য করতে না পেরেই শনিবার সকালে অপু আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তার ঘর তল্লাশি করে একটি চিরকুট উদ্ধার করেছে, যা এই ঘটনার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিষয়ে ধামরাই থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/এএমটি