বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

কালবৈশাখী ঝড়ে গাইবান্ধায় বজ্রপাতে চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রোববার বিকেলে কালবৈশাখী ঝড়ের সময় গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটায় বজ্রপাতে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে এক শিশুসহ তিনজন প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। একই সাথে একটি গরুও মারা গেছে।

 ​নিহতরা হলেন-ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।

 

​এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রোববার বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফুর  রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এলাকাবাসী আরও জানান একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা গেছে। আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

​একই গ্রামের তিনজনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে ছুটে যান।  একই সময়ে সাঘাটা এলাকায়ও বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গাইবান্ধা জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হলো।
 

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রাত ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুপুরের পর থেকেই মেঘলা আকাশ দেখা যায়। বিকেলে রাজধানীতে শুরু হয় প্রবল ঝড় ও বজ্রসহবৃষ্টি। এতে চরম দুর্ভোগে পড়েন ঘরমুখো হাজারো মানুষ। বৃষ্টির কারণে নগরীর রিকশাসহ ছোট যানবাহনগুলোতে বাড়িয়ে নেওয়া হয় ভাড়া। ফলে বৃষ্টিতে অনেকে স্বস্তি প্রকাশ করলেও বিরক্ত প্রকাশ করেছেন কেউ কেউ।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন