আবহাওয়া

ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এই সতর্কতা জারি করা হয়।

 

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

 

সারাদেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। দেশজুড়ে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

 

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে পুরোপুরি মেঘলা থাকতে পারে এবং যেকোনো সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৫ মিনিটে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন