বাংলাদেশ

ঢাকাসহ ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (২২ মে) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই আবহাওয়া পরিস্থিতির কারণে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

বৃষ্টিপাতের এই পূর্বাভাসের পাশাপাশি দেশের কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহের কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন