জেলার সংবাদ

ঢাকায় অপহৃত স্কুলছাত্রী কক্সবাজার থেকে উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই মে ২০২৬ ০৩:০৯:৪৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার ধানমন্ডি থেকে অপহৃত ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৫) অপহরণের সাতদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‍্যাব। এই ঘটনায় অপহরণের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এএসপি আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার উত্তরার আটিপাড়া এলাকার তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম (৩৩) এবং কক্সবাজারের উখিয়ার রাজাপালং এলাকার মো. আবু সাঈদ (২৪)।

 

মামলার নথির বরাতে র‍্যাব জানায়, গত ৬ মে ধানমন্ডির ১৩/এ রোডের নিজ বাসার সামনে থেকে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক একটি সাদা রঙের হাইয়েস গাড়িতে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হলে বিষয়টি সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

 

র‍্যাব জানায়, মঙ্গলবার রাতে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় বাংলাদেশ বেতারের আঞ্চলিক কার্যালয়ের পাশের একটি বাসায় অপহৃত শিক্ষার্থীসহ আসামিদের অবস্থানের খবর পাওয়া যায়। র‍্যাবের একটি দল বাসাটি ঘিরে ফেললে ২-৩ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ওই বাসায় তল্লাশি চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। মূলহোতা তাওহীদ মোহাম্মদ মোস্তাকিমের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সহযোগীদের সহায়তায় তাকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে আসা হয়।

 

উদ্ধার হওয়া শিক্ষার্থীকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন