রাজধানী ঢাকার আকাশ আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর মধ্যে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কমার তেমন কোনো সুখবর নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি হলেও আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আটটি বিভাগ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া, আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত দেখাতে বলা হয়নি বলে জানিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
ডিবিসি/এফএইচআর