রাজধানীর গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরান। চিকিৎসার জন্য তাঁদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বাসভবনটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পরপরই বাসভবনের ভেতরে দ্রুত চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন হাইকমিশনার ইমরান হায়দার এবং তাঁর স্ত্রী নাইমা ইমরান। অসুস্থ অবস্থায় দ্রুত তাঁদেরকে উদ্ধার করে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে তাঁদের দুজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাঁরা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে এই অগ্নিকাণ্ডে বাসভবনের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিবিসি/এমএনকে