ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠের ঘাস, ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহের পদ্ধতি, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেছে তারা।
ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের সঙ্গে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা সম্ভব কি না, তা যাচাই করাই ছিল প্রতিনিধি দলের সফরের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, স্টেডিয়ামের পরিবেশ দেখে ব্রাজিলের প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তারা।
ইকবাল বলেন, ‘তারা জানিয়েছে, ভবিষ্যতে অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচের জন্য আমাদের মাঠকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনা করতে পারে। বাংলাদেশের বিপক্ষেও এখানে খেলতে পারে। তবে এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবে। আজ তারা মূলত মাঠ ও স্টেডিয়ামের পরিবেশ দেখতে এসেছে।’
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। সেই ম্যাচের আগে ব্রাজিল দল ঢাকায় অনুশীলন করতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে ইকবাল জানান, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, ‘এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তারা শুধু মাঠ ও স্টেডিয়ামের পরিবেশ দেখে গেছে।’
ব্রাজিলের প্রতিনিধিরা ভারত থেকে ঢাকায় এসেছে এবং রাতেই ফিরে যাওয়ার কথা রয়েছে। ইকবাল জানান, জাতীয় স্টেডিয়ামের চলমান বাকি কাজ দুই সপ্তাহের মধ্যে শেষ হবে বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। প্রয়োজন হলে কাজ শেষ হওয়ার পর তারা আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারে।
পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যরা মাঠের ড্রেনেজ ব্যবস্থা, পানি দেওয়ার পদ্ধতি এবং ঘাসের অবস্থা বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। মাঠে কর্মরত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন তারা। পরে ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেন।
ইকবাল বলেন, ‘তারা পুরো মাঠ ঘুরে দেখেছে। ড্রেনেজ ব্যবস্থা কেমন, কীভাবে পানি দেওয়া হচ্ছে, ঘাসের অবস্থা-সবকিছু খুঁটিয়ে দেখেছে। মাঠে যারা কাজ করছেন, তাদের সঙ্গে কথা বলে পরবর্তী কাজের পরিকল্পনা সম্পর্কেও জেনেছে।’
ব্রাজিলের প্রতিনিধি দলের সঙ্গে বাফুফে সভাপতির বৈঠকের পর বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান।
তিনি বলেন, ‘তাদের কিছু পরিকল্পনা হয়তো রয়েছে, তবে আজ তা স্পষ্ট করেনি। বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকের পর বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কারভাবে জানা যাবে।’
ডিবিসি/ আরএফই