নির্বাচিত নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রথম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়।
বৈঠকে বাংলাদেশে সমরাস্ত্র উৎপাদনসহ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্য, জ্বালানি ও স্বাস্থ্য খাতের সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরানে চলমান আগ্রাসন বন্ধ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে তুরস্কের সমর্থন চাওয়া হয়েছে।
বৈঠক শেষে দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই দুই দেশের উচ্চপর্যায়ের প্রথম আনুষ্ঠানিক সফর। আঙ্কারার সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সরকারি সফরে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন।
ডিবিসি/পিআরএএন