বাংলাদেশ, জেলার সংবাদ

ঢাকা কলেজের মেধাবী ছাত্র সবুজের মৃত্যুতে দিশেহারা পরিবার

নীলফামারী প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৮ই জুলাই ২০২৪ ০১:১০:১৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোটা আন্দোলনে ঢাকা কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র মো: সবুজ আলীর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। একই সাথে শোকের ছায়া নেমে এসেছে নীলফামারী সদর উপজেলার চওড়া বাংলা বাজার এলাকায়।

একেবারেই হতদরিদ্র পরিবারে জন্ম মেধাবী সবুজ আলীর। বাবা ভ্যান চালক, আর মা মাঝেমধ্যে ভিক্ষাবৃত্তি করে সংসার ও সবুজের পড়াশোনার খরচ চালাতো।

সবুজের বাড়িতে বুধবার (১৭ জুলাই) দুপুরে গিয়ে দেখা যায়, তার মা সূর্যবানু অসুস্থ হয়ে বিছানায় শুয়ে ছেলের মৃত্যুতে বিলাপ করে কান্না করছে। ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে পড়াশোনা করা একমাত্র ছেলের মৃত্যুতে পাগলপ্রায় মা সূর্যবানু। ছেলের মৃত্যুর বিচার চাইলেন তিনি।

সবুজের বড় ভাই ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, ছোটভাই শারিরীক প্রতিবন্ধী ও ১ বোনের বিয়ে হয়েছে।

ছোটবেলা হতেই সবুজ খুব মেধাবী ছিল বলে এলাকার অনেকে তার পড়াশোনার খরচের জন্য সাহায্য করতো। তার বাবার ভ্যান চালানোর সামান্য খরচে তাদের সংসার চলতো না তাই তার মা মাঝেমধ্যে ভিক্ষাবৃত্তিও করতো।

 

এদিকে, ছোটবেলা থেকে মেধাবী ছাত্র সবুজের ব্যবহারে মুগ্ধ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অত্র এলাকায়। 

ডিবিসি/এনএম 

আরও পড়ুন