বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বুধবার (৩১শে ডিসেম্বর) সন্ধ্যার আগে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিকেল ৫টায় ঢাকা ত্যাগ করেছেন।
এর আগে, বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আজ বুধবার দুপুরেই ঢাকায় পৌঁছান এস জয়শঙ্কর। অত্যন্ত ব্যস্ত ও সংক্ষিপ্ত এই সফরে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিশেষ বার্তা ও ব্যক্তিগত চিঠি পৌঁছে দেন।
সফর চলাকালে এস জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেন। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো ব্যক্তিগত চিঠিটি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। পাশাপাশি, ভারত সরকার এবং দেশটির জনগণের পক্ষ থেকেও গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
এই সংক্ষিপ্ত সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গেও বৈঠক ও কুশল বিনিময় করেন। তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসা পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকসহ দক্ষিণ এশিয়ার আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গেও তার কুশল বিনিময় হয়।
২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর এস জয়শঙ্করই প্রথম কোনো ভারতীয় মন্ত্রী যিনি ঢাকা সফরে এলেন।
ডিবিসি/এএমটি