বাংলাদেশ, জাতীয়

ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই সেপ্টেম্বর ২০২৩ ০৪:৩১:০৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার কমলাপুর স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ১০ স্টেশনের মধ্যে প্রথম দিনেই চালু হয় পাঁচ স্টেশন।

পরীক্ষামূলক ওই ট্রেনে রয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনসহ সরকারের বিভিন্ন স্তরের ব্যক্তিরা।

ঢাকা-ভাঙ্গায় পরীক্ষামূলক ট্রেন চালুতে অটো সিগনাল পদ্ধতিতে আধুনিক রেল নেটওয়ার্কের নতুন মাইলফলক রচিত হলো। আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু দিয়ে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা থেকে আটটি বগি নিয়ে বিশেষ একটি ট্রেন পদ্মা সেতু অতিক্রম করে। মুন্সীগঞ্জের মাওয়া এবং নিমতলা স্টেশনে করা হয় যাত্রা বিরতি। এরপর রাত পৌনে ৮টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় শীতাতপ সুবিধা সম্বলিত ট্রেনটি।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলী সিবলি সাদিক গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পাঁচটি স্টেশনই এখন প্রায় প্রস্তুত। খুঁটিনাটি যে কাজ বাকি আছে তা প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই শেষ হয়ে হবে।

সূত্র জানায়, প্রতিটি স্টেশনেই থাকছে এটিএম বুথ, ডিপার্টমেন্টাল স্টোর। শারীরিক প্রতিবন্ধীদের জন্য থাকছে বিশেষ র‌্যাম্প। ৮২ কিলোমিটার রেলপথের ২৩.৩৭ কিলোমিটার অংশ ভায়াডাক্টের ওপর। ভায়াডাক্ট ও পদ্মা সেতুর ওপর পাথরবিহীন রেলপথ নির্মাণ করা হয়েছে।

প্রকল্প সূত্র আরও জানায়, এর আগে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা-মাওয়া পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে। এবার ঢাকার কমলাপুর স্টেশন থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালানো হবে। এ জন্য চীন থেকে কেনা নতুন সাতটি কোচের একটি বিশেষ ট্রেন প্রস্তুত।

ঈশ্বরদীর বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশীষ কুমার মণ্ডল বলেন, স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে বিশেষ এই ট্রেনের পরিচালনায় অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। দক্ষিণবঙ্গের মানুষের জন্য পদ্মা সেতুর ওপর দিয়ে রেল চলাচলে দক্ষিণবঙ্গের ব্যাপক উন্নতি ঘটবে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৯টায় কমলাপুর থেকে ভাঙ্গার উদ্দেশে বিশেষ ট্রেনটি ছেড়ে যাবে। এর মধ্য দিয়ে এই প্রকল্পের পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হচ্ছে।

তিনি আরও বলেন, ভাঙ্গা জংশন স্টেশনে ট্রেন পৌঁছার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রেলপথমন্ত্রী । মন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

ডিবিসি/ এনবিডব্লিউ

আরও পড়ুন