ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। নির্বাচনে ২৩টি পদের সবকটিতেই জয়লাভ করেছে এই প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল) একটি পদেও জয় পায়নি।
শুক্রবার (১ মে) রাত ১০টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ বেসরকারিভাবে এই ফলাফল নিশ্চিত করেন। তিনি জানান, পরবর্তীতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে। এর আগে বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দুই দিনে মোট ৭ হাজার ১৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নীল প্যানেল থেকে নির্বাচনে বিজয়ী শীর্ষ পদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং ট্রেজারার আনিসুজ্জামান আনিস।
এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ইলতুমিশ সওদাগর, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সেক্রেটারি খন্দকার মাকসুদুল হাসান, কালচারাল সেক্রেটারি মারজিয়া হিরা, অফিস সেক্রেটারি আফজাল হোসেন মৃধা, স্পোর্টস সেক্রেটারি সোহেল খান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এ এইচ এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
কার্যকরী সদস্য পদে জয়লাভ করেছেন এ এইচ এম রেজাউনুল সৈয়দ রোমিও, ফিরোজা ইয়াসমিন, মামুন মিয়া, আদনান রহমান, নজরুল ইসলাম মামুন, নিজামউদ্দিন, সামিউল, মোজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন ও সৈয়দ সারোয়ার আলম নিশান।
ডিবিসি/আরএসএল