রাজধানী

ঢাকা বিমানবন্দরে আটকা পড়লেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকশ যাত্রী আটকা পড়েছেন। শনিবার বিকেল থেকে ফ্লাইট বাতিলের ঘোষণা আসার পর থেকেই চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সৌদি আরব, কাতার ও কুয়েতগামী প্রবাসী কর্মীরা। বিশেষ করে যাদের ১ মার্চ থেকে কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল, তারা বর্তমান পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন।

সন্ধ্যা ও রাতের ফ্লাইটের উদ্দেশ্যে দুপুরের আগেই বিমানবন্দরে পৌঁছান যাত্রীরা। তবে ফ্লাইট বাতিলের সিদ্ধান্তের পর তাদের আর চেক-ইন করতে দেওয়া হয়নি। ফলে বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল ও এর আশপাশে যাত্রী ও স্বজনদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। জেদ্দাগামী যাত্রী ও অন্যান্য ভুক্তভোগীরা জানান, কর্মস্থলে যোগ দেওয়ার শেষ সময়ে এসে এমন আকস্মিক সিদ্ধান্তে তারা এখন কী করবেন তা ভেবে পাচ্ছেন না।

 

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। এ অবস্থায় এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ছাড়া যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে।

 

উদ্ভূত পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে। ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল বা কল সেন্টারের মাধ্যমে আগেভাগে জানানোর জন্য বলা হয়েছে। তবে আকাশসীমা পুনরায় কবে নাগাদ সচল হবে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন