বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আয়োজনে একটি জাতীয় কর্মশালায় যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১২ মে) বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটিই তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে। ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
এদিকে, শপথগ্রহণের ৮৫তম দিনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমনকে স্বাগত জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। তার যাত্রাপথের স্থান বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি গাছ রোপণ করেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
ডিবিসি/পিআরএএন