ঢাকা-ভোলা নৌ রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্রিন লাইন ওয়াটার বাস।
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ভোলা-ঢাকা রুটে যাত্রা শুরু করলো গ্রিন লাইন ওয়াটার বাস। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর সদরঘাট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ওয়াটার বাসটি ভোলার উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুর সাড়ে ১২টায় ভোলার ইলিশা ঘাটে পৌঁছে। এর মধ্য দিয়ে ভোলাবাসীর দিনের আলোতে ঢাকা যাওয়ার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিলো।
গ্রিন লাইন ওয়াটার বাসটি ভোলার ইলিশা ঘাটে এসে পৌঁছলে উৎসুক জনতা ওয়াটার বাসটিকে স্বাগত জানায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যাধুনিক ওয়াটার বাসটি প্রতিদিন সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার দুপুর দেড়টায় ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
প্রায় ৬ শতাধিক যাত্রী প্রতিদিন যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন গ্রিন লাইন কর্তৃপক্ষ। এর বিজনেস ক্লাসের জনপ্রতি ভাড়া ১ হাজার টাকা ও ইকোনিম ক্লাসে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।