বেপরোয়া গতির কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার(১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেলওভার ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
বরিশাল থেকে ছেড়ে আসা দুর্ঘটনাকবলিত বিএমএফ পরিবহন-এর বাসটি ঢাকার সায়দাবাদ যাচ্ছিল।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মুষলধারে বৃষ্টির মধ্যে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে শ্রীনগরের কামারখোলা রেলওভার ব্রিজের ঢালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে এক্সপ্রেসওয়ের প্রধান লেন থেকে ছিটকে গিয়ে সার্ভিস লেনে কাত হয়ে পড়ে বাসটি।
তিনি আরও জানান, এ সময় বাসে থাকা দুই শিশুসহ অন্তত ৭ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ডিবিসি/এসএফএল