ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) পাওয়া ৩টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নাহিদ ইসলাম পেয়েছেন ২ হাজার ৩৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট। বর্তমানে নাহিদ ইসলাম ৮২১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো বড় ধরনের সংঘাত-সংঘর্ষ ছাড়াই একটানা ভোটগ্রহণ চলে। এবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৩ হাজার কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার কেন্দ্রে প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দল এতে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন এবং নারী প্রার্থী রয়েছেন ৮০ জন।
ডিবিসি/পিআরএএন