দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। প্রাপ্ত সর্বশেষ খবর অনুযায়ী, এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাওয়া ৩টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ২ হাজার ৬৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১০০ ভোট।
এর আগে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ঢাকা-১৫ আসনে মোট ১২৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
সরেজমিনে দেখা যায়, সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয় নিয়ে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, ২০০৮ সালের পর এবারই রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে, যার মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি অন্যতম। সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন।
এদিকে নির্বাচন চলাকালীন দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কিছু অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি স্থানে জাল ভোট প্রদান এবং ৩টি জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
ডিবিসি/পিআরএএন