ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাওয়া দুটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫৭ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন এবং তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালের পর এবারই রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে, যার মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি অন্যতম। এবারের নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন এবং নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ভোটগ্রহণ চলাকালীন বিশৃঙ্খলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি ক্ষেত্রে জাল ভোট প্রদান এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।
ডিবিসি/এনএসএফ