বাংলাদেশ, রাজনীতি

ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার দাবি নাসীরুদ্দীনের, ইসিতে আবেদন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১০:৪৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট কারচুপি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ফলাফল পুনর্গণনার দাবি জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন।

অভিযোগপত্রে ‘শাপলা কলি’ প্রতীকের এই প্রার্থী জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার দলীয় নেতা-কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যদের মাধ্যমে ব্যাপক ভোট কারচুপি ও অনিয়ম সংঘটিত হয়েছে।

 

নাসীরুদ্দীনের অভিযোগ, ভোটগ্রহণ ও গণনার সময় প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিল হওয়া ভোট গণনাভুক্ত করার মতো ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারও এসব অনিয়মে জড়িয়ে পড়েন এবং প্রকৃত ফলাফল উপেক্ষা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

 

আবেদনে উল্লেখ করা হয়, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ এবং ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালা লঙ্ঘন করে এই ফল ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষাপটে তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বিশেষ করে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থার দাবি তোলা হয়।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী আবেদনে ঢাকা-৮ আসনের ১১টি কেন্দ্রের সুনির্দিষ্ট অনিয়মের চিত্র তুলে ধরেন। তিনি দাবি জানান, আইনানুগভাবে বাতিল ঘোষিত ভোট পুনর্বিবেচনা করে নতুন করে ফল প্রকাশ করতে হবে।

 

একইসঙ্গে, পুনর্গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত ঢাকা-৮ আসনের শপথ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে আইনানুগ কর্তব্য পালনের অনুরোধও জানান তিনি।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন