রাজধানীর মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে ভোটগণনার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। প্রাপ্ত ৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মির্জা আব্বাস পেয়েছেন ২ হাজার ৯১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৮৮ ভোট।
ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় গণনা কার্যক্রম।
উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে সর্বমোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। এছাড়া নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ডিবিসি/পিআরএএন