ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত এক কর্মসূচিতে এসে মোবাইল ফোন চুরির শিকার হয়েছেন ঢাকা-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ব্যারিস্টার আরমানের ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে উজ্জীবিত রাখতে ঢাবি শাখা ছাত্রশিবিরের আয়োজিত ‘জুলাই প্রদর্শনী’তে তিনি নিজের মোবাইল ফোন থেকে লাইভ সম্প্রচার করছিলেন। এ সময় অনুষ্ঠানের আইডি কার্ড পরিহিত এক যুবক তার কাছে এসে বলেন, "ফোনটা আমার হাতে দিন, আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলুন।" ওই যুবকের গলায় পরিচয়পত্র দেখে বিশ্বাস করে তিনি ফোনটি তার হাতে দেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন, ফোনসহ ওই যুবক উধাও হয়ে গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরমানের পোস্ট করা ভিডিওতেও দেখা যায়, তিনি আইনজীবী শিশির মনির এবং ছাত্রশিবিরের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে প্রদর্শনী ঘুরে দেখছিলেন। ঠিক তখনই ওই তরুণ তার কাছে এসে ফোনটি হাতে নেওয়ার প্রস্তাব দেন। ঘটনার পর ওই তরুণকে আর খুঁজে পাওয়া যায়নি।
ডিবিসি/পিআরএএন