ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের বিপরীতে গিয়াসউদ্দিন আবাসিক এলাকার সামনের ফুটপাত থেকে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, ফুটপাতে পড়ে থাকা একটি সাদা রঙের বাজারের ব্যাগের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় আনুমানিক এক দিন বয়সী শিশুটির মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে।
খবর পেয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং শিশুটির পরিচয় বা অভিভাবক শনাক্তে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।
ডিবিসি/পিআরএএন