ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিতে যাচ্ছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
নতুন এই নিয়োগের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে কর্মরত আছেন।
এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সিদ্দিকুর রহমান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ে ড. মো. মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. রইছ উদ্দীন এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক নুরুল ইসলাম উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।
এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। এর আগে, সোমবার সকালেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
ডিবিসি/আরএসএল