বাংলাদেশ, শিক্ষা

ঢাবি নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ডাকসু নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর শীর্ষ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩১ মার্চ) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সংস্কার এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে সিট বরাদ্দে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং অটোমেশন পদ্ধতি চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন ডাকসু নেতারা। তারা অনিয়মিত শিক্ষার্থীদের পরিবর্তে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার দাবি জানান। এছাড়া ছাত্রীদের হলে সিট সংকটের কারণে শিক্ষার্থীদের বৃত্তি সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়, তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।


আলোচনায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলোও উঠে আসে। কেন্দ্রীয় মসজিদের সংস্কার-পরবর্তী বিদ্যুৎ বিভ্রাট, টিএসসিসহ বিভিন্ন চলমান উন্নয়নকাজের ধীরগতি এবং কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের বিষয়ে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয়। একাডেমিক মানোন্নয়নে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান ছাত্র প্রতিনিধিরা।


সাক্ষাতে ডাকসু নেতারা ছাত্রীদের হলের নিরাপত্তায় অ্যাক্সেস কন্ট্রোল গেট স্থাপন, শহিদ ওসমান হাদীর কবর সংরক্ষণ, ই-মেইল ভেরিফিকেশন ফি মওকুফ, বিভিন্ন অনুষদ ও ভবনে ক্যান্টিন চালু এবং চাকরিজীবী শিক্ষার্থীদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার নির্মাণের প্রস্তাব দেন। এছাড়া ঐতিহাসিক মুসা খাঁ মসজিদের সংস্কার কাজ দ্রুত শুরু করার বিষয়েও আলোচনা হয়।


শিক্ষার্থীদের সরাসরি মতামত ও অভিযোগ শোনার জন্য উপাচার্যের সঙ্গে পর্যায়ক্রমে সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা আয়োজনের প্রস্তাব করেন ডাকসু নেতৃবৃন্দ। উপাচার্য বিষয়গুলো অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন