বাংলাদেশ, জাতীয়

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

সোমবার ৩রা আগস্ট ২০২৬ ০৭:৩৫:৫০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়ার্ল্ড রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। বিজয়ী দলের সদস্য ১০ জন শিক্ষার্থী বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি)।

 

সাক্ষাৎকালে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য এই অসাধারণ গৌরব বয়ে আনায় বিশ্বচ্যাম্পিয়নদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘এই ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হলে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তারা যদি প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চান, তবে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।’

 

বৈঠকে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রদর্শনের পাশাপাশি এর নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী এর অধিকতর উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেন।

 

শিক্ষার্থীরা পড়াশোনা শেষে প্রযুক্তি খাতে নিজস্ব উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাদের স্টার্টআপ কর্মসূচির আওতায় সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

দেশের অর্থনীতিকে গতিশীল করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো সম্ভাবনাময় খাতগুলোকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এই খাতের বিকাশে অবদান রাখার আহ্বান জানান তিনি।

 

উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দলকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং স্বাগতিক কানাডা তৃতীয় স্থান লাভ করে।

 

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন