তাইওয়ান ইস্যুতে যথাযথ পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি সংঘাত হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে দুই নেতার সরাসরি বৈঠকে শি জিনপিং এই ইস্যুটিকে ‘দুই দেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়’ হিসেবে অভিহিত করেন।
চীনা সরকারি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শি জিনপিং ট্রাম্পকে স্পষ্টভাবে বলেছেন যে তাইওয়ান ইস্যুটি সঠিকভাবে সামলানো হলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল থাকবে, অন্যথায় এটি সংঘাতের দিকে মোড় নিতে পারে যা পুরো সম্পর্ককে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলবে। বৈঠকে শি আরও মন্তব্য করেন যে, তাইওয়ানের স্বাধীনতার আকাঙ্ক্ষা তাইওয়ান প্রণালির স্থিতিশীলতার সম্পূর্ণ পরিপন্থী এবং এই অঞ্চলের শান্তি বজায় রাখাই হবে বেইজিং-ওয়াশিংটন সম্পর্কের সবচেয়ে বড় ক্ষেত্র।
উল্লেখ্য, চীন দীর্ঘকাল ধরে তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে একীভূত করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। বিপরীতে, যুক্তরাষ্ট্র কাগজে-কলমে তাইওয়ানকে চীনের অংশ হিসেবে স্বীকৃতি দিলেও আধা-স্বায়ত্ত্বশাসিত এই দ্বীপটিকে নিয়মিত আধুনিক অস্ত্র সরবরাহ করে। তাইওয়ানের সম্ভাব্য স্বাধীনতার ঘোষণা ঠেকাতে এবং নিজেদের অবস্থান জানান দিতে চীন নিয়মিতভাবে এই দ্বীপরাষ্ট্রটিকে সামরিকভাবে ঘিরে রাখার কৌশল বজায় রেখেছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এফএইচআর