আন্তর্জাতিক, ভারত

তামিলনাড়ুতে বিধায়ক নির্বাচিত হলেন বিজয়ের গাড়িচালকের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভাবনীয় এক জয়ের সাক্ষী হলো বিরুগাম্বাক্কাম আসন। সেখানে ক্ষমতাসীন ডিএমকে-র বর্তমান বিধায়ককে বিশাল ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন মেগাস্টার থালাপাতি বিজয়ের ব্যক্তিগত গাড়িচালকের ছেলে আর. শবরীনাথন।

বিজয়ের নবগঠিত রাজনৈতিক দল তামিলনাড়ু ভেট্টি কাজাগাম (টিভিকে)-এর টিকিটে লড়ে এই চমক দেখিয়েছেন তিনি।


ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, শবরীনাথন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিএমকে-র বিধায়ক এএমভি প্রভাকর রাজাকে ২৭ হাজার ৮৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মূলধারার রাজনীতিতে শবরীনাথন একেবারেই নতুন মুখ হলেও, তার এই বিশাল জয় এবং পারিবারিক পটভূমি এখন তামিলনাড়ুর রাজনীতির প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


বিপুল ভোটে জয়ের পর এক প্রতিক্রিয়ায় শবরীনাথন বলেন, এই ফলাফলের গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এটি বর্তমান ক্ষমতাসীন ডিএমকে সরকারের প্রতি সাধারণ মানুষের চরম অসন্তোষ এবং প্রত্যাখ্যানেরই প্রতিফলন।


শবরীনাথনের এই ব্যক্তিগত সাফল্য বিজয়ের দল টিভিকে-র সামগ্রিক উত্থানেরই একটি খণ্ডচিত্র মাত্র। ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় টিভিকে ইতিমধ্যে ১০০টিরও বেশি আসনে জয় নিশ্চিত করেছে। যদিও দলটি একক সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য দূরে রয়েছে, তবে গত কয়েক দশকের ডিএমকে ও এআইএডিএমকে-র দ্বিদলীয় রাজনৈতিক আধিপত্যের ভিত সজোরে নাড়িয়ে দিয়েছে তারা।


অন্যদিকে, দলের প্রধান থালাপাতি বিজয় নিজেও তার রাজনৈতিক অভিষেকে রাজকীয় জয় পেয়েছেন। পেরাম্বুর আসন থেকে তিনি ৫৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বিজয়ের ব্যক্তিগত এই সাফল্য এবং তার সহকর্মীদের অভাবনীয় জয় তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


সূত্র: দ্য ইকোনমিক টাইমস


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন