দক্ষিণ ভারতের মেগাস্টার থেকে রাজনীতিতে পা রাখা ‘থালাপতি’ বিজয় আজ এক নতুন ইতিহাস রচনা করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। রবিবার (১০ মে) সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিজয়ের এই উত্থানের মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে গত পাঁচ দশক ধরে চলা ডিএমকে এবং এআইএডিএমকে-এর দ্বিমেরু শাসনের অবসান ঘটতে যাচ্ছে।
থালাপতি বিজয়ের ঐতিহাসিক এই শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী উপস্থিত থাকবেন। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়ের আমন্ত্রণে এবং নবগঠিত জোট সরকারের অন্যতম শরিক হিসেবে কংগ্রেসের এই শীর্ষ নেতার অংশগ্রহণ ভারতের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এটিকে বিজয়ের নতুন সরকারের প্রতি কংগ্রেসের পূর্ণ সমর্থনের একটি শক্তিশালী বার্তা হিসেবেই বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর আগে শনিবার রাতে তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার আনুষ্ঠানিকভাবে বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানান। জানা গেছে, আজ বিজয়ের সঙ্গে আরও ৯ জন নেতা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজগাম’ (টিভিকে) ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। পরবর্তীতে কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই (এম) এবং আইইউএমএল-এর সমর্থন নিয়ে ১২০ জন বিধায়কের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে বিজয়ের জোট।
রূপালি পর্দার ‘থালাপতি’ থেকে বাস্তবের ‘জননেতা’ হিসেবে বিজয়ের এই আত্মপ্রকাশ দেখতে লাখ লাখ ভক্ত ও সমর্থক অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আনন্দ আর উচ্ছ্বাসে চেন্নাই শহর আজ টিভিকে দলের প্রতীকী হলুদ ও মেরুন রঙের সমুদ্রে পরিণত হয়েছে। প্রিয় তারকাকে রাজ্যের অভিভাবক হিসেবে দেখার ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইতোমধ্যে হাজার হাজার মানুষের ঢল নেমেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
ডিবিসি/পিআরএএন