ভারতের তামিলনাড়ু রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের একটি করে স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তামিল সুপারস্টার বিজয় থালাপতি। ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ বা ‘মাতুল স্বর্ণ অঙ্গুরীয় প্রকল্প’ নামের এই ব্যতিক্রমী জনকল্যাণমূলক কর্মসূচিটি মুখ্যমন্ত্রী বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর অন্যতম প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।
এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য রাজ্য সরকার প্রতি বছরে ৭৫৫.৮৩ কোটি রুপি বরাদ্দ করেছে, যা নবজাতকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তামিল সংস্কৃতির ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
তামিল সমাজে ‘থাই মামান সির’ নামে একটি প্রচলিত রীতি রয়েছে, যেখানে নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন তার আপন মামা। তামিলনাড়ু রাজ্য প্রশাসনের দাবি, মূলত সেই অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়েই সরকার প্রতীকীভাবে মামার ভূমিকা পালন করে এই প্রকল্প চালু করতে চলেছে। রাজ্য প্রশাসনের বক্তব্য অনুযায়ী, শিশুদের প্রতি গভীর স্নেহ, যত্ন ও দায়িত্ববোধের প্রতীক হিসেবেই এই নতুন উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন ২২ জুন থেকে সরকারি হাসপাতালে জন্মানো সব শিশুই এই প্রকল্পের সুবিধার আওতায় আসবে এবং এর জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তবে আগামী ১৫ সেপ্টেম্বর, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ প্রকল্পের শুভ উদ্বোধন করা হবে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এফএইচআর