ডিএমকে-এআইডিএমকে জোট করার গুঞ্জন

তামিলনাড়ুতে সরকার গড়তে না দিলে গণ-ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি টিভিকে'র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজগম সাফ জানিয়ে দিয়েছে, যদি ডিএমকে বা এআইডিএমকে সরকার গড়ার চেষ্টা করে, তবে তাদের দলের ১০৭ জন বিধায়কই একযোগে পদত্যাগ করবেন। একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও রাজ্যপাল সরকার গড়তে ডাক না দেওয়ায় ক্ষোভে ফুঁসছে বিজয় অনুগামীরা।

এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করেছে। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় বর্তমানে দলের বিধায়ক সংখ্যা ১০৭। একক বৃহত্তম দল হিসেবে সরকার গড়ার দাবি নিয়ে রাজ্যপাল আর.ভি. আরলেকারের সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। কিন্তু রাজভবন সেই দাবি খারিজ করে দিয়েছে। রাজ্যপালের মতে, সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন বিজয়ের কাছে নেই। রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থায়ী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে টিভিকে।


টিভিকে শিবিরের সন্দেহ, জনমতকে উপেক্ষা করে পর্দার আড়ালে হাত মেলাচ্ছে এমকে স্ট্যালিনের ডিএমকে এবং ই. পালানিস্বামীর এআইডিএমকে। বিজয়ের দলের অভিযোগ, জনপ্রিয় ভোট পাওয়া সত্ত্বেও টিভিকে-কে আটকানোর জন্য দুই দল জোট বাঁধার চেষ্টা করছে। আর এই চেষ্টা সফল হলেই গণ-ইস্তফার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন টিভিকে বিধায়করা। বিজয় শিবির বর্তমানে বাম দল এবং কয়েকটি ছোট দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে যাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা যায়।


অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডেকেছে ডিএমকে। দলের সব বিধায়ককে চেন্নাইয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমকে স্ট্যালিনকে যে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ডিএমকে-র পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রাথমিক লক্ষ্য হলো রাজ্যে ফের নির্বাচন এড়ানো এবং একটি স্থায়ী সরকার গঠন করা। দলটির দাবি, তারা কোনোভাবেই সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় আসতে দেবে না।


এখন দেখার, রাজভবন শেষ পর্যন্ত কাকে সরকার গড়তে আহ্বান জানায়, নাকি তামিলনাড়ু ফের একবার নির্বাচনের পথে হাঁটে।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন