ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর পরই দেশের পাশাপাশি শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এই অভিনন্দন বার্তার খবরগুলো এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্র: শুক্রবার সকালে এক বার্তায় বিএনপি ও তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস।
বার্তায় বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। পাশাপাশি বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। এছাড়া দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য আগ্রহের কথাও ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
ভারত: বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় মোদি বলেছেন, এ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি লাদেশের জনগণের আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে ভারত থাকবে।
পাকিস্তান: তারেক রহমান ও তার দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিনন্দন জানান।
পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ না করলেও বিএনপি ও তাদের মিত্ররা বড় জয়ের পথে এগিয়ে। তাই বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে ও নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে আগ্রহের কথাও জানিয়েছেন তার দেশ।