জেলার সংবাদ

তারেক রহমানকে নিয়ে কটূক্তির জের, পঞ্চগড়ে জাগপা কার্যালয়ে হামলা

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড় শহরের বকুলতলা এলাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জেলা শাখা কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি একটি রাজনৈতিক কর্মসূচিতে জাগপা নেতা রাশেদ প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য প্রদান করেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার বিকেল ৫টার দিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পঞ্চগড়ে একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল চলাকালে একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা বকুলতলা এলাকায় অবস্থিত জাগপা কার্যালয়ে প্রবেশ করে এই ভাঙচুর চালায়।

 

মিছিল পরবর্তী এক পথসভায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জামান জাগপা নেতা রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ মন্তব্যের কঠোর সমালোচনা করে তার দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে তিনি রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করেন।

 

এদিকে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন জাগপা নেতাকর্মীরা। জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেন, বিএনপির ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় চার-পাঁচশ নেতাকর্মী তাদের কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা অফিসের ভেতরে ঢুকে চেয়ার, টেবিল, ফ্যান ও টেলিভিশনসহ ব্যাপক আসবাবপত্র ভাঙচুর করেছে। তিনি এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

 

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন