বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুই নেতার মধ্যে এক ফোনালাপে এই আমন্ত্রণ জানানো হয়।
ফোনালাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তান সরকার ও সে দেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সফল আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, "এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন।"
দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শাহবাজ শরিফ আগামীতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সার্বভৌম সমতার ভিত্তিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় দুই নেতাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের সাধারণ মানুষকে কাছাকাছি আনার ক্ষেত্রে বেগম জিয়ার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন শাহবাজ শরিফ।
কথোপকথনের একপর্যায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। এর জবাবে তারেক রহমানও শাহবাজ শরিফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের জনগণের বৃহত্তর কল্যাণে ভবিষ্যতে নিবিড় যোগাযোগ ও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার বিষয়ে উভয় নেতা একমত পোষণ করেছেন।
ডিবিসি/এসএফএল