বাংলাদেশ, জাতীয়

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই গেজেটে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের অনুমোদন প্রদান করা হয়েছে।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন এই সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। এর ফলে রাষ্ট্রের যাবতীয় প্রশাসনিক ও নীতিগত দায়িত্ব এখন থেকে নবগঠিত মন্ত্রিসভার ওপর ন্যস্ত হবে। প্রধানমন্ত্রী পদে নিয়োগের বিষয়ে পৃথক একটি গেজেটও একই রাতে প্রকাশ করা হয়েছে।


এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ নেন বিএনপি, জামায়াত, এনসিপি, স্বতন্ত্র ও অন্যান্য দলের নির্বাচিত সংসদ সদস্যরা।


উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। দলটি এককভাবে ২১২টি আসনে জয়লাভ করে সরকার গঠনের ম্যান্ডেট পায়। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে অবস্থান নিশ্চিত করেছে।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন