ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এক বার্তার মাধ্যমে নরেন্দ্র মোদি এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বার্তায় ভারতের প্রধানমন্ত্রী জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে বিএনপি যে উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছে, সেজন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। একইসঙ্গে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে তারেক রহমানের ভবিষ্যৎ প্রচেষ্টার প্রতি ভারতের শুভকামনা ও সমর্থনের কথা উল্লেখ করেন তিনি।
দুই দেশের সম্পর্কের গভীরতার ওপর আলোকপাত করে নরেন্দ্র মোদি আরও বলেন, ভারত ও বাংলাদেশ গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র। ফোনালাপে তিনি উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ভারতের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
ডিবিসি/এফএইচআর