বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পাঠানো একটি শুভেচ্ছাবার্তা সংবলিত চিঠি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছে। চিঠিতে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
শুভেচ্ছাবার্তায় কিয়ার স্টারমার বাংলাদেশের সাধারণ নির্বাচনে তারেক রহমানের বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ নিশ্চিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন যে, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে এক গভীর ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। তিনি বিশ্বাস করেন, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে এই পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে, যা দুই দেশের অভিন্ন মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ওপর ভিত্তি করে সামনের দিকে এগিয়ে যাবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেন, বাংলাদেশে অন্যতম শীর্ষ বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে যুক্তরাজ্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রগুলো আরও সম্প্রসারিত করতে আগ্রহী। এ ছাড়া তিনি যৌথভাবে কাজ করার মাধ্যমে অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধ এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ককে আরও শক্তিশালী করার সুযোগগুলোকে স্বাগত জানিয়েছেন।
রোহিঙ্গা সংকটের বিষয়ে স্টারমার বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং জানান যে, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তাতে যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। দুই দেশের অংশীদারত্বের এই নতুন অধ্যায় শুরুর বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী বলে চিঠিতে উল্লেখ করেছেন।
ডিবিসি/এনএসএফ