জাতীয়

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৯:১৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো একটি বিশেষ চিঠি হস্তান্তর করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা। এই পত্রে তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন ওম বিরলা এবং পরবর্তীতে সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।

 

সাক্ষাৎকার শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুই নেতার ছবি প্রকাশ করে ওম বিরলা জানান যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি অত্যন্ত গঠনমূলক বৈঠক সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন যে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো ব্যক্তিগত চিঠিতে শুভকামনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়েছে। ওম বিরলা তার বার্তায় আরও লিখেছেন যে ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

 

নতুন এই সরকারের যাত্রালগ্নে ভারতের এই উচ্চপর্যায়ের শুভেচ্ছা বার্তা এবং সফরের আমন্ত্রণ দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। ওম বিরলার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে ভারতের সরাসরি যোগাযোগ এবং বন্ধুত্বের বার্তা স্পষ্ট হয়েছে।
 


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন