ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার (১৪ ফেব্রুয়রি) গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে মমতার পাঠানো এই শুভেচ্ছা উপহার গ্রহণ করেন দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এ সময় গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদীসহ দলের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তারেক রহমানকে নির্বাচনে জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বার্তায় তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির এই বিশাল সাফল্যের প্রশংসা করেন এবং আগামী দিনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিএনপি। এরপর থেকেই দেশি-বিদেশি বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার পক্ষ থেকে দলটির শীর্ষ নেতৃত্বকে অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।
ডিবিসি/এএমটি