বাংলাদেশ

তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব নিয়ে চলমান আলোচনার মধ্যে নিজের অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (১৩ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেন, ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং নিয়মিত ক্লাসও করেছেন। প্রায় দুই মাস তিনি ক্লাসে উপস্থিত ছিলেন। আসিফ নজরুল তখন আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র ছিলেন এবং সেই সুবাদে বিষয়টি তার জানা ছিল বলে দাবি করেন।

 

তারেক রহমানের সেই সময়ের সহপাঠীদের পরিচয় দিয়ে আসিফ নজরুল জানান, সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা ও পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের ব্যাচমেট ছিলেন। সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি লেখেন, তৎকালীন এরশাদ সরকারের আমলে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সম্ভবত তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

 

দীর্ঘদিন ধরেই তারেক রহমানের উচ্চশিক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক ও আলোচনা চলে আসছে। বিএনপির নেতা-কর্মীরা দাবি করেন তিনি আইন বিভাগ ও পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত তারেক রহমানের ছাত্রত্ব বা শিক্ষা জীবন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য বা নথি প্রকাশ করেনি। অধ্যাপক আসিফ নজরুলের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন