তাসকিন আহমেদ কি শোয়েব আখতারের সর্বোচ্চ গতির বলের রেকর্ড ভাঙতে পারবেন? তাসকিন নিজে এমনটা ভেবেছেন কিনা জানা না থাকলেও, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তার প্রথম সংবাদ সম্মেলনে সেই ইচ্ছার কথাই জানালেন।
ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে ঢাকায় পা রেখে পেসার নাহিদ রানাকেও দিলেন বিশেষ পরামর্শ। শোয়েব জানালেন, টাইগার পেসার রানাকে অনুশীলনের মাত্রা আরও বাড়াতে হবে। ঢাকার এক পাঁচ তারকা হোটেলে গণমাধ্যমের সঙ্গে আড্ডায় এসব কথা বলেন তিনি।
বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করতে ঢাকায় এসেছেন শোয়েব আখতার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানালেন লিটন দাসকে তার পছন্দের কথা। তবে তানজিদ তামিমের নাম চেষ্টা করেও মনে করতে পারেননি। নাহিদ রানার প্রসঙ্গে শোয়েব বলেন, "নাহিদ রানাকে বলবো, ট্রেনিং লেভেল ধীরে ধীরে বাড়াতে হবে। যত বেশি স্ট্রেস বডিতে নিতে পারবে, ফাস্ট বোলার হিসেবে তত ভালো করার সুযোগ বাড়বে। সেই সঙ্গে পেস বাড়াতে হবে এবং বোলারের যথাযথ অ্যাটিচুডও থাকতে হবে।"
বাংলাদেশের কোচ হওয়ার গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন শোয়েব। তিনি বলেন, "টেইটের পর তোমাদের বোলিং কোচ হিসেবে আমার প্রয়োজন পড়বে না। আমি তো কোচ হিসেবে কোনো দলের সঙ্গেই কাজ করতে চাই না।" ফিক্সিং ও অন্যান্য ইস্যুতে বিপিএল নিয়ে সমালোচনা থাকলেও শোয়েব জানালেন, বিপিএলের জনপ্রিয়তা দেখেই তিনি কাজ করতে এসেছেন। ঢাকা ক্যাপিটালসের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আবারও নিজেকে যুক্ত করতে চান তিনি।
জানুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় ফিরে দলের সঙ্গে যোগ দেবেন শোয়েব। নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতার আলোকে ক্যাপিটালসের পেসারদের ম্যাচ জয়ের মন্ত্র শেখাতে চান তিনি। আড্ডার একপর্যায়ে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাদের নাস্তানাবুদ করা তার প্রিয় তিন ডেলিভারির কথাও স্মরণ করেন এই গতি তারকা।
ডিবিসি/ এসএফএল